‘বিকাশ’ কর্মকর্তাকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশের এক সেলস অফিসারের (ডিএসও) ওপর সশস্ত্র হামলা চালিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে কালিগঞ্জ-কৃষ্ণনগর সড়কের চৌমুহুনি ও কোমরপুরের মধ্যবর্তী স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত ওই কর্মকর্তা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত কর্মকর্তার নাম মোকলেছুর রহমান (৪০)। তিনি উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত ওলি আহম্মেদের ছেলে। তিনি বিকাশ ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান ‘লস্কর ট্রেডার্স নিউ’-এর ডিএসও হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, মোকলেছুর রহমান মোটরসাইকেলযোগে জিরণগাছা এলাকা থেকে কোমরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তার কাছে থাকা নগদ টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বিকাশ ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সঞ্জয় জানান, মোকলেছুর রহমান প্রায় ১৪ লাখ টাকা নিয়ে অফিস থেকে বের হয়েছিলেন। প্রাথমিক হিসাবে দেখা যাচ্ছে, ছিনতাইকারীরা প্রায় ১০ লাখ টাকা নিয়ে গেছে। তবে আহত কর্মকর্তা অজ্ঞান থাকায় সঠিক অংকটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কৃষ্ণনগর বন্ধন হাসপাতালে এবং পরে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আফজাল হোসেন, সাতক্ষীরা (শ্যামনগর-কালীগঞ্জ-দেবহাটা)