মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলা-গুলিতে নারীসহ আহত ১৫
মুন্সীগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলা-গুলির ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
আহতরা হলেন–মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেখ খা, মোস্তাকিম, ইদ্রিস খাঁ ও সাফি বেগম। গুরুতর আহত মিনু বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। আহত মিজানুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
র্যাব-১০ জানায়, হারুন, মান্নান ও মহসিন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লাইসেন্সকৃত দুটি অস্ত্র ও ব্যবহৃত গুলি জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মান্নান খা ও তার চাচা হারুন খা গ্রুপের সঙ্গে মিজানুর রহমানের বিরোধ চলছিল। এ ঘটনার দিন বিকেলে কাদিরের দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান খার লোকজন মিজানুর রহমানকে মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে মিজানুর রহমান বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এদিকে তারাবির নামাজের পর মান্নান খা, হারুন খা, আমিন খাসহ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও হামলা চালালে নারীসহ অন্তত ১৫ জন আহত হন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে নজরদারি বাড়িয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
র্যাব-১০ এর ভাগ্যকূল ক্যাম্প কমান্ডার মো. আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা গোলাগুলিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই গোলাগুলির ঘটনা ঘটে।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

মো. আসাদুজ্জামান, মুন্সীগঞ্জ (শ্রীনগ-সিরাজদিখান-লৌহজং)
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ