মাটি কেটে তিলকখালি খাল খনন উদ্বোধন সংসদ সদস্যের
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক তিলকখালি খালে কোদালে মাটি কেটে মাথায় করে নিয়ে খাল খনন উদ্বোধন করলেন সংসদ সদস্য আনোয়ারুল হক।
সারা দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাস্তবায়নাধীন ‘পুকুর ও খাল উন্নয়ন (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় নেত্রকোনা সদর উপজেলায় মেদনী এলাকায় আজ সোমবার (৯ মার্চ) দুপুরে এ খাল খননকাজ উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
খাল খনন কর্মসূচিতে সংসদ সদস্যকে অনুসরণ করে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কোদাল ও ঝুঁড়ি নিয়ে মাটি কাটার কাজে অংশ নেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ খাল খননকাজে মোট ব্যয় ধরা হয়েছে এক কোটি ৩৭ লাখ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠানসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু।
প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচ সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশের উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভজন দাস, নেত্রকোনা