এনটিভির পটুয়াখালী প্রতিনিধি কাজল বরণ দাসের বাবা আর নেই
নিখিল বরণ দাস। ফাইল ছবি
এনটিভির পটুয়াখালী স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাসের বাবা নিখিল বরণ দাস পরলোকগমন করেছেন। আজ সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে পটুয়াখালী শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখিল বরণ দাস দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার রাতেই পটুয়াখালী মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
পেশাগত জীবনে নিখিল বরণ দাস একজন শিক্ষক ছিলেন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থেকে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

কাজল বরণ দাস, পটুয়াখালী