স্বামীকে হত্যার দায়ের স্ত্রীর যাবজ্জীবন
সিরাজগঞ্জে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী ইসরাত জাহান ইমাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আসামির উপস্থিতিতে আজ (১০ মার্চ) সোমবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ ৩-এর বিচারক মো. নজরুল ইসলাম এ রায় দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডাদেশপ্রাপ্ত স্ত্রী হলেন কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের নুর নবী আকন্দের মেয়ে ইসরাত জাহান ইমা।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ রয়েছে, ২০১২ সালে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পূর্বপাড়ার এস এম সায়েমের সঙ্গে বিয়ে হয় ইসরাত জাহান ইমার। সায়েম সিলেটে পূবালী ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। বাড়িতে সায়েমের অনুপস্থিতিতে ইসরাত জাহান ইমা প্রতিবেশী শাহাদতসহ বিভিন্ন পুরুষের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। বিষয়টি জানার পর সায়েমের সঙ্গে ইমার সংসারে বিরোধ দেখা দেয়। ২০২২ সালের ৮ জুলাই সায়েম ঈদুল আজহার ছুটিতে বাড়িতে আসেন। তিনি গোসল করে ঘরে ফিরলে স্ত্রী ইমা তাকে শরবত খেতে দেন। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। রাতে সেভেনআপের মধ্যে ঘুমের ট্যাবলেট মিশিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেন ইমা। এরপর বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। রাতে ইমা অজ্ঞাতপরিচয় দুই-তিন আসামির সহযোগিতায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সায়েমকে হত্যা করেন।
এ ঘটনায় নিহত সায়েমের বাবা শেখ ফরিদ বাদী হয়ে পুত্রবধূ ইমার নাম উল্লেখ করে মামলা করেন। পরে তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা শুধু ইমাকে আসামি করে আদালতে চার্জশিট দেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ