জন্মগত হৃদরোগে আক্রান্ত ছোট্ট তোয়া সুস্থ হয়ে বাঁচতে চায়
মাত্র এক বছর দুই মাস বয়সের একরত্তি শিশু আফিয়া ইবনাত তোয়া। যে বয়সে ওর হাসিমুখে সারা ঘর মাতিয়ে রাখার কথা, সেই বয়সে জীবনের কঠিন লড়াই লড়ছে সে। জন্মের পর থেকেই এক মরণব্যাধি ‘জন্মগত হৃদরোগ’ থাবা বসিয়েছে তার ছোট্ট শরীরে। তোয়াকে সুস্থ করে তুলতে এখন সময়ের সাথে পাল্লা দিচ্ছেন তার বাবা-মা।
আফিয়া ইবনাত তোয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা মো. সাগর ইসলাম ও লিজা আক্তারের একমাত্র কন্যা। তোয়ার জন্মের কিছুকাল পরেই ধরা পড়ে এই জটিল শারীরিক সমস্যা। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত দীর্ঘমেয়াদি চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের মাধ্যমেই তোয়াকে একটি স্বাভাবিক জীবন দেওয়া সম্ভব। কিন্তু সেই চিকিৎসার ব্যয়ভার বহন করা একটি সাধারণ পরিবারের জন্য পাহাড়সম কষ্টের হয়ে দাঁড়িয়েছে।
মেয়ের জীবন বাঁচাতে ইতোমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের ‘জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি’র আওতায় আবেদনের প্রক্রিয়া শুরু করেছেন তোয়ার বাবা সাগর ইসলাম। ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শহর সমাজসেবা কার্যালয়-৮, ঢাকা বরাবর এই আবেদন জমা দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. মুহাম্মদ আতাউল হক তোয়ার রোগ নির্ণয় করে প্রত্যয়নপত্র প্রদান করেছেন।
তোয়ার পরিবার সূত্রে জানা গেছে, এই চিকিৎসার খরচ মেটাতে গিয়ে তাঁরা হিমশিম খাচ্ছেন। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আকুতি জানিয়েছেন তোয়ার বাবা। তিনি বলেন, “আমার মেয়েটা পৃথিবীটা ঠিকমতো দেখার আগেই কঠিন রোগে ভুগছে। তাকে সুস্থ করে তোলার জন্য সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু এখন সবার দোয়া ও সহযোগিতা খুব প্রয়োজন।”
একটি ছোট শিশুর জীবন বাঁচাতে আপনার সামান্য সহানুভূতি বা সহায়তা হতে পারে এক নতুন আশার আলো। তোয়া আবার হাসবে, স্বাভাবিকভাবে বড় হবে—এমনটাই প্রত্যাশা তোয়ার পরিবারের।
তোয়াকে সাহায্য পাঠানোর মাধ্যম : বাবা মো. সাগর ইসলামের সোনালী ব্যাংক একাউন্ট নম্বর 4439601024398 রাউটিং নম্বর : 200260679 (সোনালী ব্যাংক লিমিটেড, বেগম রোকেয়া সরণি)। মো. সাগর ইসলামের সঙ্গে যোগাযোগের নম্বর ০১৬০০৯৪৬৮৮৯।

এনটিভি অনলাইন ডেস্ক