কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় খেলতে গিয়ে নতুন পুকুরের পানিতে ডুবে আয়মান (৭) ও আল জাহিম (৫) নামে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত আয়মান ও আল জাহিম ওই গ্রামের সৌদি প্রবাসী শামসুল আলমের সন্তান। দুই ভাইয়ের এমন করুণ মৃত্যুতে পুরো পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহত শিশুদের চাচা মোরশেদ আলম জানান, আজ দুপুর প্রায় ২টার পর থেকে দুই ভাইকে বাড়ির আশপাশে দেখা যাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে বাড়ির পাশের নতুন খনন করা একটি পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পায় স্বজনরা।
পরে দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর আহামেদ জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে বলাকিয়া গ্রামে শোকের মাতম নেমে আসে। ছোট দুই শিশুর নিথর দেহ দেখে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। একসঙ্গে দুই সন্তান হারানোর বেদনায় ভেঙে পড়েছে পরিবারটি। গ্রামের মানুষও এমন মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
দুই শিশুর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকা হবে এবং সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা