ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ যুবদলনেতার বিরুদ্ধে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফয়সাল আহমেদ নামে এক সাংবাদিককে মারধর ও প্রাণেনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন যুবদলনেতা আতিকুর রহমান লিটনের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভিটি ঝগড়ারচর এলাকার বাসিন্দা ও বাংলা টিভির বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফয়সাল আহমেদ (৩২) মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের তথ্য সংগ্রহ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় অভিযুক্ত যুবদলনেতা আতিকুর রহমান লিটন (৪০) তার পথরোধ করেন। পথরোধ করে লিটন ফয়সালের হাতে থাকা স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন ও ভয়ভীতি দেখান। একপর্যায়ে ভবিষ্যতে তথ্য সংগ্রহ করতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক ফয়সাল আহমেদ বলেন, অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রভাবশালী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির হওয়ায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ ব্যাপারে তিনি প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন বলেন, সাংবাদিক ফয়সাল আমার ফ্যামিলি কার্ড বিতরণ বিষয় নিয়ে রিপোর্ট করার নামে ডিস্টার্ব করেছে। মারধরের বিষয়টিও এসময় স্বীকার করেন যুবদলের এই নেতা।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাউছার আলম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর-বাঞ্ছারামপুর)