এনটিভির সাতক্ষীরা প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে এনটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস এম জুলফিকার আলী জিন্নাহর ওপর হামলা এবং পরবর্তীতে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা। আজ রোববার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের নিউ মার্কেট মোড় সংলগ্ন শহীদ আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি থেকে প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৩০ মার্চ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এস এম জুলফিকার আলী জিন্নাহর ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। অথচ পুলিশ মূল হোতাদের গ্রেপ্তার না করে উল্টো ভুক্তভোগী সাংবাদিকদের বিরুদ্ধেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছে। এমনকি ঘটনাস্থলে উপস্থিত না থাকা দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়কেও ওই মামলায় জড়ানো হয়েছে, যা চরম অন্যায় ও ন্যায়বিচারের পরিপন্থী।
বক্তারা অভিযোগ করেন, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। এই সিন্ডিকেটের বাইরে গিয়ে কেউ সেবা নিতে গেলেই হয়রানি ও হামলার শিকার হতে হচ্ছে। সরকারি অফিসে এমন নৈরাজ্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মানববন্ধনে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এনটিভির এসএম জুলফিকার আলী জিন্নাহ, কালবেলা ও স্টার নিউজের গাজী ফারহাদ এবং সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলীসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে ঘোষণা করা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সিন্ডিকেট সদস্যদের হাতে সাংবাদিক জিন্নাহ লাঞ্ছিত হওয়ার ঘটনায় জেলাজুড়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এস এম জিন্নাহ, সাতক্ষীরা