পাকিস্তানে চার দিনে ৩ বড় হামলা, সেনাসহ নিহত ৪২
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গত চার দিনে তিনটি বড় ধরনের উগ্রপন্থি হামলায় অন্তত ৪২ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ বুধবার (৮ জুলাই) পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী টেলিভিশন ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।
সামরিক মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী জানান, নিহতদের মধ্যে চারজন বেসামরিক নাগরিকের পাশাপাশি পুলিশ সদস্য ও সেনা জওয়ান রয়েছেন। এর আগে গত মঙ্গলবার প্রাথমিক তথ্যে ৯ জন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার খবর নিশ্চিত করা হলেও পরবর্তীতে নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়। তিনি আরও জানান, গত চার দিনের এই সহিংস পরিস্থিতির মধ্যে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে এ পর্যন্ত ৫৪ জন উগ্রপন্থী ও সন্ত্রাসী নিহত হয়েছে।
আরও পড়ুন : বিশ্বকাপে জালিয়াতির অভিযোগ ইরানের প্রেসিডেন্টের
আরও পড়ুন : আরব সাগরে ৫ ক্রুসহ পাকিস্তানের বিমান নিখোঁজ
উদ্ভূত পরিস্থিতিতে ওই অঞ্চলে সামরিক অভিযান আরও জোরদার করার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে জেনারেল চৌধুরী সরাসরি উগ্রপন্থিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা তোমাদের খুঁজে বের করব।
খনিজ সম্পদে সমৃদ্ধ এবং আফগানিস্তান ও ইরান সীমান্তের কাছাকাছি অবস্থিত বেলুচিস্তানে পাকিস্তান বেশ কয়েক বছর ধরে বিচ্ছিন্নতাবাদী ও উগ্রপন্থি সহিংসতার বিরুদ্ধে লড়াই করছে। এই অঞ্চলের উগ্রপন্থিরা মূলত পাকিস্তানি রাষ্ট্রীয় বাহিনী, বিদেশী বিনিয়োগ ও বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। প্রাদেশিক ও জেলা কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবার বন্দুকধারীরা মাঙ্গি বাঁধ প্রকল্প পাহারায় নিয়োজিত তল্লাশি চৌকিতে অতর্কিত হামলা চালায়। সেখানে দুই স্টেশন হাউস অফিসারসহ অন্তত ৯ জন পুলিশ কর্মকর্তা নিহত হন। এছাড়া বেশ কয়েকজন নিখোঁজ হন।
আরও পড়ুন : ইরানি হামলার তীব্র নিন্দা জানাল মিশর
আরও পড়ুন : ইরানিরা ‘জঘন্য, হিংস্র ও অসুস্থ মানুষ’, বললেন ট্রাম্প
পাকিস্তানের সীমান্ত অঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে উগ্রপন্থি হামলার তীব্রতা অনেক বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদের দাবি, এই সমস্ত হামলার মূল পরিকল্পনা ও পরিচালনা করা হচ্ছে আফগানিস্তানের ভূখণ্ড থেকে। তবে কাবুলের অন্তর্বর্তীকালীন তালেবান সরকার তাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানোর এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে। পাল্টা পদক্ষেপ হিসেবে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান আফগান ভূখণ্ডের ভেতরে বেশ কয়েকটি বিমান হামলাও চালিয়েছে। পাকিস্তানের দাবি, তারা উগ্রপন্থিদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে তালেবান সরকার ও জাতিসংঘ জানিয়েছে, পাকিস্তানের সেসব বিমান হামলায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক