ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের হাতে, গ্রেপ্তার সাবেক ল্যান্স নায়েক
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) হয়ে গুপ্তচরবৃত্তি এবং স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা থেকে ভারতের সেনাবাহিনীর এক সাবেক ল্যান্স নায়েককে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ধৃত ব্যক্তির বাড়ি পাঞ্জাবের তরণ তরণ জেলার রসুলপুর গ্রামে। ভারত-ভুটান সীমান্তের কাছে আলিপুরদুয়ারের হাসিমারা এলাকা থেকে পাঞ্জাব পুলিশের একটি বিশেষ দল স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। তার এক পলাতক সহযোগীর সন্ধানে এই অভিযান চালানো হয়।
মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৌমিত্র সিনহা সরকার জানান, ধৃত ব্যক্তি আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত গোপন তথ্য পাচারের সঙ্গে জড়িত ছিলেন। গত ৮ অক্টোবর পাঞ্জাবে দায়ের করা এফআইএলের ভিত্তিতে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বা গোপনীয়তা আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পরে শিলিগুড়ি আদালত তাকে ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে, যাতে পাঞ্জাব পুলিশ তাকে নিজেদের রাজ্যে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক