ভ্যান্সের চিঠিকে ‘ইতিবাচক পদক্ষেপ’ বললেন আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন করে সংলাপ শুরুর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উদ্যোগ একটি ‘ইতিবাচক পদক্ষেপ।’
শনিবার (৩১ অক্টোবর) আব্বাস আরাঘচি আল জাজিরাকে বলেন, তার দেশ উচ্চপর্যায়ের একটি বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো চিঠিটি পর্যালোচনা করে দেখেছে। এ প্রসঙ্গে তিনি আল জাজিরাকে বলেন, ‘ব্যাপক পরিসরে সংলাপ ও বোঝাপড়ার পথ উন্মুক্ত করার বিষয়ে মার্কিন পক্ষের এই প্রচেষ্টা একটি ইতিবাচক পদক্ষেপ।’
তবে সতর্কবার্তা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘চিঠি পাঠানোর পেছনে ওয়াশিংটনের লক্ষ্য যদি মতভেদের সৃষ্টি করা হয়, তবে তা তাদের পূর্ববর্তী ভুলগুলোর সঙ্গে যুক্ত হওয়া আরও একটি নতুন ভুল বলেই গণ্য হবে।’
আব্বাস আরাঘচি জানিয়েছেন, তার দেশ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো আক্রমণের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না। তিনি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘যুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে আমরা কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না এবং আমরা যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত। আমরা আমাদের অস্ত্রশস্ত্রের আধুনিকায়ন ঘটিয়েছি, নিজেদের দুর্বলতাগুলো শুধরে নিয়েছি এবং নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছি; আমাদের সামরিক বাহিনী সর্বোচ্চ মাত্রার প্রস্তুত অবস্থায় রয়েছে।’
যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক চাপের প্রভাবের কথা স্বীকার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ‘কখনোই আত্মসমর্পণ করবে না’। তিনি আরও যোগ করেন, ‘আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে প্রতিরোধ অব্যাহত রাখব এবং আমাদের নিজস্ব সক্ষমতার ওপর ভর করেই আমরা এই কঠিন সময় অতিক্রম করব।’

এনটিভি অনলাইন ডেস্ক