দিল্লিতে বিরোধী দলের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশের পদত্যাগ দাবি
ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ১৩ কোটিরও বেশি ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে রাজধানী নয়াদিল্লিতে বিরোধী দলগুলোর নেতৃত্বে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) বাড়তি সুবিধা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (সিইসি) পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধীরা।
আজ রোববার (১ নভেম্বর ২০২৬) বার্তা সংস্থা এএফপির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে গত এক মাস ধরে ভোটার তালিকা সংশোধন নিয়ে তীব্র বিতর্ক ও রাজপথের আন্দোলন চলছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে হাজার হাজার আন্দোলনকারী দিল্লির রামলীলা ময়দানে একত্রিত হয়ে মিছিল করেন এবং ‘ভোটচোর, গদি ছাড়’ স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ। তরুণদের জনপ্রিয় অনলাইন আন্দোলন ককরোচ জনতা পার্টিও (সিজেপি) এই কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়ে অংশ নেয়।
বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই হালনাগাদের কারণে ভোটার তালিকা থেকে ১৩ কোটি ৩০ লাখের বেশি নাম বাদ পড়েছে। বিক্ষোভকারীদের দাবি, এই বাদ পড়ার ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সংখ্যালঘু মুসলিম ও প্রান্তিক জনগোষ্ঠী। তবে মোদি সরকার ও বিজেপি এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, ভুয়া, মৃত ও একাধিক স্থানে নাম থাকা ভোটার বাদ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) এই প্রক্রিয়াকে চরম ত্রুটিপূর্ণ ও স্বেচ্ছাচারী বলে অভিহিত করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, লোকসভা ও বিধানসভা নির্বাচনে ফায়দা লুটতেই নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই কর্মকাণ্ড চালাচ্ছে বিজেপি সরকার।

এনটিভি অনলাইন ডেস্ক