১০০ কোটি রুপি ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী গ্রেপ্তার
বেসরকারি স্কুলগুলোকে লাইসেন্স এবং অন্যান্য অনুমোদন দিতে ১০০ কোটি রুপি ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি মামলায় ভারতের তামিলনাড়ুর সাবেক স্কুল শিক্ষামন্ত্রী অনবিল মহেশ পৈয়ামোঝিকে চেন্নাই পুলিশের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি) গ্রেপ্তার করেছে। আজ সোমবার (২৬ অক্টোবর) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদমাধ্যম এনডিটিভি।
সরকারি অনুমোদন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে অর্থ আদায়ের অভিযোগ তদন্তের পর সাবেক মন্ত্রী অনবিল মহেশ পৈয়ামোঝিকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা ১৭৭টি স্কুল শনাক্ত করেছেন, যেগুলো সাবেক শিক্ষামন্ত্রীর এমন কাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অভিযুক্ত অনবিল মহেশ দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) দলের জ্যেষ্ঠ নেতা। তদন্তকারীরা বলেছেন, ডিজিটাল ডিভাইস থেকে প্রাপ্ত তথ্য এবং জিজ্ঞাসাবাদের সময় রেকর্ড করা বিবৃতিসহ তদন্ত চলাকালে সংগৃহীত প্রমাণের ভিত্তিতে তাকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করেছে।
তবে সাবেক মন্ত্রী অনবিল মহেশ পৈয়ামোঝি অভিযোগ অস্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে আনা মামলাটিকে চ্যালেঞ্জ করেছেন। ডিএমকে শাসক দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু করতে তদন্তকারী সংস্থা ব্যবহারের অভিযোগ করেছে।
মাদ্রাজ হাইকোর্ট অনবিল মহেশের আগাম জামিন আবেদন খারিজ করে দেওয়ার পর সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। অনবিল মহেশ তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিল করার জন্য আদালতে পৃথক আবেদন করেছেন।

এনটিভি অনলাইন ডেস্ক