ভোট চুরির জন্য সিইসি জ্ঞানেশকে জেলে যেতে হবে : রাহুল গান্ধী
ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে ‘বেআইনি’ ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদে থেকে বরখাস্ত করে জেলে পাঠানো হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস প্রধান রাহুল গান্ধী। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে 'ভোট চুরি'র মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) পুনরায় সরকার গঠনে সহায়তা করার গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।
আজ রোববার (১ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বিশাল মহাসমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির।
রামলীলা ময়দানে জড়ো হওয়া হাজার হাজার জনতার উদ্দেশে রাহুল গান্ধী বলেন, এই ভোট চুরি কোনো সাধারণ চুরি নয়, এটি ভারতের প্রতিটি মানুষের কণ্ঠ চুরি। একে রাষ্ট্রদ্রোহ বলা হয়। ডাইরেক্ট শুনে রাখুন, আমি যা বলি তা সবসময় সত্যি হয়। আমি ভারতের প্রতিটি নাগরিক ও যুব সমাজকে বলছি— জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে সরানো হবে এবং তাকে জেলে যেতে হবে।
রাহুল গান্ধী অভিযোগ করেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ভোটার তালিকা কারচুপির মাধ্যমে বিজেপিকে অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এটি শুধু একটি দল বা নেতার কথা নয়, বরং ভারতের যুবক, নারী, কৃষক ও শ্রমিকদের দাবি। ভারতের মানুষ গণতন্ত্রকে ধ্বংস হতে দেবে না এবং সংবিধান রক্ষা করতে রাজপথে নেমেছে।
এ সময় ভারতের বর্তমান অর্থনৈতিক বৈষম্য নিয়ে সরব হয়ে কংগ্রেস নেতা বলেন, কৃষক তার ন্যায্য অধিকার পাচ্ছে না, যুবকদের কর্মসংস্থান নেই, আর দেশের সমস্ত সম্পদ দুই-তিনজন ধনকুবেরের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি তারা মেনে নেবেন না এবং অন্যায়ের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশনের পুনর্গঠন ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ নিশ্চিত করা হবে।

এনটিভি অনলাইন ডেস্ক