সুপ্রিম কোর্ট অভিমুখে বিক্ষোভ-মিছিলের আহ্বান রাহুল গান্ধীর
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম স্থগিত ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো করে তুলেছে প্রধান বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এই লক্ষ্যে আজ সোমবার (১২ অক্টোবর) ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অভিমুখে এক সুবিশাল বিক্ষোভ-মিছিলের আহ্বান জানিয়েছেন কংগ্রেস সংসদ সদস্য ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিস্ফোরক বার্তায় রাহুল গান্ধী বিরোধী দল, শিক্ষার্থী, তরুণসমাজ এবং সাধারণ নাগরিক সংগঠনগুলোকে কোনো বিভেদ না রেখে ঐক্যবদ্ধভাবে এই পদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানান। কর্মসূচির অংশ হিসেবে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে পুরো দেশের পক্ষ থেকে একটি বিশেষ স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিরোধী দলগুলোর। খবর ইকোনমিক টাইমসের।
নরেন্দ্র মোদি সরকার ও উগ্র কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কঠোর সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ, অজিত দোভাল এবং মোহন ভাগবত ভারতের কণ্ঠরোধ করতে পারবেন না। এই কাপুরুষেরা আমাদের ভয় দেখাতে পারবে না। তাদের ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে।
দিল্লিতে শনিবার ও রোববারের সাম্প্রতিক আন্দোলনে পুলিশ ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীদের হাতে শিক্ষার্থী ও নারী বিক্ষোভকারীদের ওপর বর্বর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে রাহুল বলেন, গতকাল দিল্লিতে দেশের তরুণেরা শান্তিপূর্ণ প্রতিবাদে নেমেছিলেন। তাদের হৃদয়ে কেবল ভালোবাসাই ছিল, কোনো ঘৃণা ছিল না। কিন্তু পুলিশ ও বিজেপির গুন্ডারা তাদের ওপর সহিংস হামলা চালিয়েছে। আমরা এমন ভারত চাই না।
পরবর্তী আন্দোলন কর্মসূচির রূপরেখা স্পষ্ট করে রাহুল গান্ধী বলেন, সোমবার আমরা দল, নারী-পুরুষ, জাতপাত ও সম্প্রদায়ের বিভেদ ভুলে কেবল 'ভারতীয়' হিসেবে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করব। ভালোবাসা, ভ্রাতৃত্ব ও দেশপ্রেমের চেতনা নিয়ে আমরা একসঙ্গে হাঁটব। ভয় পাবেন না, পুরো ভারত আজ আদালতের দিকে এগোবে।
সংবিধানকে ক্ষুণ্ন করা এবং রাজপথে গণতন্ত্রকে পদদলিত করার বিষয়ে প্রধান বিচারপতির নজর কাড়তে যৌথভাবে এই স্মারকলিপি প্রদান করা হচ্ছে বলে বিরোধী সূত্রের খবর।

এনটিভি অনলাইন ডেস্ক