ড্রোন হামলার পর রাশিয়ায় ইয়ানডেক্সের ডাটা সেন্টার বন্ধ
ড্রোন হামলার পর রাশিয়ার ভ্লাদিমির শহরে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ইয়ানডেক্সের একটি ডাটা সেন্টারের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় আজ রোববার (১১ অক্টােবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। হামলায় কেউ হতাহত হননি বলেও জানিয়েছে ইয়ানডেক্স। খবর আল জাজিরার।
রাশিয়ার রাজধানী মস্কোর পূর্বে অবস্থিত ভ্লাদিমির শহরের ডাটা সেন্টারটিতে হামলার পর জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ক্ষয়ক্ষতি পর্যালোচনার পাশাপাশি সিস্টেমগুলো পুনরায় চালুর উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি। এদিকে ইয়ানডেক্সের একাধিক সেবা ব্যবহারকারীদের জন্য দুর্লভ হয়ে পড়েছে।
টেলিগ্রামে প্রকাশিত এক সেবা-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ইয়ানডেক্স জানায়, ডাটা সেন্টারটির কার্যক্রম সম্পূর্ণ স্থগিত করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে সেবা চালু রাখতে ব্যবহারকারীদের বিকল্প পুনরুদ্ধার পরিকল্পনা সক্রিয় করার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবশিষ্ট সম্পদকে অস্থিতিশীল বলে বিবেচনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি মূল্যায়নের সময় কারিগরি সহায়তা সেবার যোগাযোগেও বিঘ্ন ঘটতে পারে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রযুক্তিগত অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা বাড়ার মধ্যে গত এক সপ্তাহে ইয়ানডেক্সের ডাটা সেন্টারে এটি তৃতীয় হামলার ঘটনা।
শুক্রবার (৯ অক্টোবর) ইয়ানডেক্স জানায়, মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চলে তাদের একটি ডাটা সেন্টারে ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে। এতে কেন্দ্রটির কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যায়।
এর আগের দিন মস্কোর দক্ষিণ-পূর্বে সাসোভো শহরে ইয়ানডেক্সের আরেকটি ডাটা সেন্টারে ইউক্রেনের হামলায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই কেন্দ্রে প্রতিষ্ঠানটির এআই মডেল তৈরিতে ব্যবহৃত তিনটি সুপারকম্পিউটারের মধ্যে দুটি রয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টােবর) সাসোভোতে হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমরা সব সময় পাল্টা জবাব দেই। জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ইউক্রেনের ডাটা সেন্টারগুলোতে হামলা চালিয়ে আসছে এবং ইউক্রেনও তার জবাব দিচ্ছে। তবে এ বিষয়ে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।
গত এক মাসে ইউক্রেনের বেশ কয়েকটি ডাটা সেন্টার ও টেলিযোগাযোগ অবকাঠামোয় হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে রাজধানী কিয়েভের কেন্দ্রীয় এলাকার কিছু স্থাপনাও রয়েছে।
এসব হামলার উদ্দেশ্য ইউক্রেনের যোগাযোগব্যবস্থা ও ডিজিটাল বাণিজ্য ব্যাহত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ায় ‘গুগলের সমতুল্য’ হিসেবে পরিচিত ইয়ানডেক্স দেশটির এআই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটির ডাটা সেন্টারগুলোতে ধারাবাহিক হামলার ফলে রাশিয়ার ডিজিটাল সেবা ও এআই-সংক্রান্ত কার্যক্রমে কী ধরনের দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে, তা এখনও স্পষ্ট নয়।

এনটিভি অনলাইন ডেস্ক