সাইবেরিয়ায় প্লেগ সংক্রমণের খবরকে ‘ভুয়া’ বললো ক্রেমলিন
দ্বিতীয় ঘটনা হিসেবে সাইবেরিয়ায় প্লেগ রোগে আক্রান্ত হয়েছে এক ব্যক্তি- এমন একটি খবরকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। এ সংক্রান্ত পরিস্থিতির খবরাখবর নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের ক্রেমলিনের কর্মকর্তারা জানান, গণমাধ্যমে প্রকাশিত তথ্যের অধিকাংশই ‘ভুয়া’। খবর বার্তা সংস্থা এএফপির।
গত সপ্তাহে সাইবেরিয়ার ইরকুটস্ক অঞ্চলের প্লেগ গবেষণা ইনস্টিটিউটের একজন ল্যাব টেকনিশিয়ানের প্লেগে মৃত্যুর খবরের পর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) রাশিয়াকে এ বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।
ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস বুধবার (৭ অক্টোবর) মস্কোর প্রতি সুনির্দিষ্ট কারণ ছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত দ্বিতীয় একজন কর্মচারীর বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে স্পষ্ট বক্তব্যের আহ্বান জানিয়েছেন।
এসব প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘গণমাধ্যম তো কতকিছুই প্রচার করে।’
পেসকভ আরও বলেন, ‘এই পরিস্থিতি সম্পর্কিত গণমাধ্যমে প্রকাশিত খবরের সিংহভাগই ভুল বা ভুয়া তথ্য।’ এছাড়া রাশিয়ার স্বাস্থ্যবিষয়ক তদারকি সংস্থা 'রসপোট্রেবনাদজর'-এর সরকারি বিবৃতির ওপরই কেবল জনগণকে ভরসা রাখতে আহ্বান জানান তিনি।
পেসকভ আরও জানান, এই পরিস্থিতি সম্পর্কিত ব্যাখ্যা চেয়ে ওয়াশিংটনের কাছ থেকে পাওয়া কোনো আনুষ্ঠানিক অনুরোধের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই।
বিষয়টি সম্পর্কিত একটি সূত্র গতকাল মঙ্গলবার জানায়, যুক্তরাষ্ট্র একটি গোপনীয় কূটনৈতিক যোগাযোগের (যাকে 'ডেমার্শ' বলা হয়) মাধ্যমে রাশিয়ার কাছে এই ব্যাখ্যা চেয়েছিল।
রাশিয়ার সংবাদ মাধ্যম 'পিপল অব বৈকাল' শুক্রবার জানায়, সাইবেরিয়ার ২৮ বছর বয়সী দারিয়া শিপিলোভা নামের সেই মৃত নারী একটি ভাঙা টেস্ট টিউব থেকে নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে থাকতে পারেন।
অন্যান্য গণমাধ্যম তার মৃত্যু এবং ওই গবেষণা কেন্দ্রের একটি ল্যাব দুর্ঘটনার মধ্যে সম্ভাব্য সংযোগের কথা তুলে ধরেছে।
'পিপল অব বৈকাল' আরও জানিয়েছে, ওই নারীর সংস্পর্শে এসে থাকতে পারেন এমন প্রায় ২০০ জন মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
তবে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, শিপিলোভা নামে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি, একটি অনলাইনে প্রচারিত খবরে বিশেষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের দাবিকে 'রসপোট্রেবনাদজর' অস্বীকার করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক