গণতন্ত্রের লড়াই চলবে : নেহা বোরা
ভারতে গণতন্ত্র রক্ষার লড়াই অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরা। সংবিধান রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণকেই তাদের কর্তব্য স্মরণ করিয়ে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আজ রোববার (১১ অক্টােবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেহা বোরা লেখেন, যারা সংবিধান রক্ষার শপথ নিয়েছেন, তারা যখন অন্যায় দেখেও চোখ ফিরিয়ে নেন, তখন জনগণকেই তাদের মনে করিয়ে দিতে হবে—সংবিধান তাদের কাছে কী দাবি করে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
নেহা বোরা আরও বলেন, আমরা এমন পরিস্থিতিকে স্বাভাবিক হতে দিতে পারি না। গণতন্ত্রের লড়াই চলবে, আর আমরা চোখ ফিরিয়ে নেব না।
নেহা বোরার এই বক্তব্য এমন এক সময়ে সামনে এসেছে, যখন ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ এবং বিক্ষোভকারীদের আটকের ঘটনা নিয়ে বিতর্ক চলছে।
ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধী দল ও আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, এই প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং এর ফলে ক্ষমতাসীন বিজেপি সুবিধা পেতে পারে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক