‘বিক্ষোভ বন্ধের মুচলেকা দেইনি’, ফের রাজপথে নামার ঘোষণা অভিজিতের
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে। আজ রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিক্ষোভ না করার শর্তে কোনো মুচলেকায় স্বাক্ষর করেননি তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
দিল্লিতে সাম্প্রতিক বিক্ষোভের সময় আন্দোলনকারীদের ওপর বিধিনিষেধ আরোপ এবং দলের নেতাদের আটকের অভিযোগের মধ্যে দীপকে এ ঘোষণা দিলেন।
এক্সে দেওয়া পোস্টে দীপকে বলেন, বিক্ষোভ করব না—এমন কোনো মুচলেকায় স্বাক্ষর করিনি। আমরা আবারও রাজপথে নামব।
ককরোচ জনতা পার্টির অভিযোগ, দিল্লিতে সাম্প্রতিক আন্দোলন দমনে কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে এবং দলের নেতাদের আটক করেছে। তবে এসব পদক্ষেপ আন্দোলন থামাতে পারবে না বলে জানিয়েছেন দীপকে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে, যা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। তবে নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।
দিল্লিতে বিক্ষোভ ঘিরে অভিজিৎ দীপকেসহ সিজেপির কয়েকজন নেতা আটক হওয়ার পর তাদের আদালতে নেওয়া হয়। পরে এক বছরের জন্য শান্তিভঙ্গ হতে পারে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ পরিস্থিতিতে দীপকের নতুন ঘোষণা দিল্লির চলমান রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে পরবর্তী বিক্ষোভের তারিখ ও স্থান সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এনটিভি অনলাইন ডেস্ক