‘গো-মাতার ওপর হাত তুললে আমার থেকে খারাপ আর কেউ হবে না’
পশ্চিমবঙ্গে কোনো ধরনের গো-হত্যা বা গবাদিপশুর ওপর আঘাত সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের অপরাধ সংগঠিত হলে তার চেয়ে খারাপ পরিণতি আর কারো জন্য হবে না। এছাড়া রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার এবং সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) মাধ্যমে হিন্দু শরণার্থীদের আইনি সুরক্ষা ও নাগরিকত্ব নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন তিনি।
সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গো-রক্ষার ওপর বিশেষ জোর দিয়ে বলেন, হিন্দু ধর্মে গোমাতাকে পবিত্র হিসেবে গণ্য করা হয়। কেউ যেন গোমাতাকে আঘাত করার সাহস না দেখায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ গোমাতার গায়ে হাত তুলবেন না। এমন কিছু ঘটলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।
পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ঠেকাতে এবং বিচ্ছিন্নতাবাদী চক্রের অপতৎপরতা রুখতে সীমান্ত অঞ্চলে বিশেষ নজরদারি রাখা হবে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, চিহ্নিত অবৈধ অনুপ্রবেশকারীদের ধরে হোল্ডিং স্টেশনের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
এছাড়া সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কোনো হিন্দু শরণার্থীকে যেন জেলের অন্ধকার দেখতে না হয়, তা নিশ্চিত করা হবে। শরণার্থীদের অবিলম্বে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজ্য সরকার তাদের আইনি সহায়তা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।

এনটিভি অনলাইন ডেস্ক