রাজনৈতিক মতামতের জন্য কাজ হারিয়েছেন প্রকাশ রাজ : স্ত্রী
সাহসী রাজনৈতিক মতামত ও স্পষ্টভাষী অবস্থানের কারণে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের পেশাদার ক্যারিয়ারে বড় ধরনের মাশুল গুণতে হয়েছে। এমনকি একাধিক সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হাতছাড়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী ও প্রখ্যাত কোরিওগ্রাফার পনি বর্মা। তবে শত বাধা ও ক্ষতির মুখেও প্রকাশ রাজ কখনোই ভয়ে কুঁকড়ে থাকতে রাজি নন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রকাশ রাজের রাজনৈতিক অবস্থান, পেশাগত ক্ষতি এবং ব্যক্তিগত জীবনের নানা দিক খোলামেলাভাবে তুলে ধরেছেন পনি বর্মা।
সাক্ষাৎকারে পনি বর্মা জানান, শুরুর দিকে স্বামীর রাজনৈতিক মন্তব্য করা নিয়ে তিনি বেশ আতঙ্কিত থাকতেন। তবে বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর তাদের সেই ভয়ের পরিধি বদলে যায়। গৌরী হত্যাকাণ্ডের পর প্রকাশ রাজ চরম ভেঙে পড়েছিলেন উল্লেখ করে পনি বলেন, গৌরী নিজেই প্রকাশের এই স্পষ্টভাষী স্বভাব নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু ওই হত্যাকাণ্ডের পর প্রকাশ পুরোপুরি বদলে যান। প্রতিজ্ঞা করেন যে তিনি কথা বলা থামাবেন না। তখন থেকেই ভয়ের অবসান ঘটে। প্রকাশ বলতে শুরু করেন, আর কতকাল আমরা ভয়ে বেঁচে থাকব?
পনি আরও জানান, রাজনৈতিক অবস্থানের কারণে প্রকাশ রাজকে বেশ বড় ধরনের পেশাগত মূল্য দিতে হয়েছে। অনেক প্রোডাকশন হাউসের লোকজন অগ্রিম টাকা দেওয়ার পরও তার সঙ্গে কাজ করা থেকে পিছিয়ে গেছে। তবে প্রকাশের এই অবস্থান বা উদ্বেগের মূল ভিত্তি মূলত সাধারণ মানুষের মৌলিক অধিকার— যেমন শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। দেশের মানুষের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে অন্যান্য অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বেশি মাতামাতি হয় বলে মনে করেন এই অভিনেতা, যার সঙ্গে তিনিও একমত বলে জানান পনি।
চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে প্রকাশের এই রাজনৈতিক মতপার্থক্যের প্রভাব সম্পর্কে পনি বলেন, ইন্ডাস্ট্রিতে তার নিজের অনেক ভালো বন্ধু থাকলেও তারা প্রকাশের কাজের আদর্শের সঙ্গে একমত নন— বিষয়টি তিনি জোর করে চাপিয়ে দেন না। তবে বিশ্বজুড়ে মানুষ প্রকাশ রাজকে একজন দক্ষ অভিনেতা হিসেবে ভালোবাসার পাশাপাশি নিজের নীতিতে অটল থাকার সাহসের জন্য সাধুবাদ জানায়।
ব্যক্তিগত ও পারিবারিক জীবন প্রসঙ্গে পনি জানান, তাদের ভিন্ন ধর্মীয় বিশ্বাস ও মতাদর্শের পরও সংসারে কখনও কোনো অমিল তৈরি হয়নি। তাদের পরিবারে সমান উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দীপাবলি ও বড়দিনের মতো উৎসবগুলো উদযাপিত হয়।

এনটিভি অনলাইন ডেস্ক