বাগদান সারলেন আয়ুষ্মান, শেয়ার করলেন রোমান্টিক ভিডিও
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অর্চনা পুরাণ সিং ও অভিনেতা পরমিত শেঠির পরিবারে খুশির আমেজ। তাঁদের ছোট ছেলে আয়ুষ্মান শেঠি দীর্ঘদিনের প্রেমিকা ও যোগ প্রশিক্ষক সমীক্ষা শেঠির সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাগ্দান সেরে নিয়েছেন। আর এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বেছে নিয়েছিলেন ইতালির মনোরম ক্যাপ্রি দ্বীপকে।
ভ্লগের মাধ্যমে সেই রোম্যান্টিক মুহূর্তের গল্প অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আয়ুষ্মান। পরিকল্পনা মাফিক, ক্যাপ্রির সর্বোচ্চ শৃঙ্গ মন্তে সোলারোতে ওঠার পথে গোপনে বুনো ফুল সংগ্রহ করেন তিনি। এরপর চূড়ায় পৌঁছে রিল তৈরির অছিলায় ট্রাইপড বসিয়ে সোজা এক হাঁটু মুড়ে বসে পড়েন সমীক্ষার সামনে।
প্রেমিকাকে উদ্দেশ করে আয়ুষ্মান অত্যন্ত আবেগঘন সুরে বলেন, “আমি সব সময় ভাবতাম, সুখী দাম্পত্য বোধহয় আমার জন্য নয়। এমন কাউকে কখনও খুঁজে পাব না, যাকে ভালোবেসে সারা জীবন কাটাতে পারব। কিন্তু তারপর তুমি আমার জীবনে এলে, আর চিরকালের জন্য আমার জীবন বদলে দিলে।” সমীক্ষা তাঁর জীবনকে আরও আনন্দময়, রোমাঞ্চকর এবং শান্তিপূর্ণ করে তুলেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, “আগে কখনও বুড়ো হওয়ার স্বপ্ন দেখিনি। কিন্তু এখন সত্যিই সেই স্বপ্ন দেখি, কারণ জানি, তখনও তুমি আমার পাশে থাকবে।” একসঙ্গে বেড়াতে যাওয়া, ছোটখাটো ঝগড়া মিটিয়ে নেওয়া এবং আগামী দিনে একসঙ্গে সন্তান বড় করার সুন্দর স্বপ্নও ভাগ করে নেন তিনি। শেষে বিয়ের প্রস্তাব দিলে সানন্দে রাজি হন সমীক্ষাও।
অন্যদিকে, বাগদানের সুন্দর কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করে সমীক্ষা লিখেছেন, “পৃথিবীর সব জায়গার মধ্যে, আমরা যে অসংখ্য জীবন বেছে নিতে পারতাম, তার মধ্যে কোনওভাবে আমরা একে অপরকে খুঁজে পেয়েছি। আর প্রতিবারই আমরা একে অপরকেই বেছে নেব।”
উল্লেখ্য, প্রায় দেড় বছর ধরে সম্পর্কে রয়েছেন এই জুটি। পেশায় যোগ প্রশিক্ষক সমীক্ষার সঙ্গে যোগিতা বিহানির মাধ্যমে আয়ুষ্মানের পরিচয় হয়েছিল। সম্প্রতি অর্চনা পুরাণ সিংও এক পারিবারিক ভ্লগে তাঁদের সম্পর্কের প্রশংসা করে আয়ুষ্মানকে এই সুন্দর বন্ধন যত্ন করে আগলে রাখার পরামর্শ দিয়েছিলেন। এই জুটির নতুন পথচলায় এখন শুভেচ্ছার জোয়ার বইছে সোশ্যাল মিডিয়ায়।

বিনোদন ডেস্ক