এআই ও ডিপফেকের অপব্যবহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাম চরণের বৈঠক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন ভারতীয় দক্ষিণী অভিনেতা রাম চরণ। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন এই অভিনেতা। এ সময় সঙ্গে ছিলেন তার বাবা বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জীবীও।
সাক্ষাতের দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন রাম চরণ। তিনি জানান, এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার শিল্পীদের জন্য নতুন ধরনের উদ্বেগ তৈরি করছে। এতে তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিনোদন অঙ্গন ক্ষতিগ্রস্ত হতে পারে। আলোচনায় শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তারা।
অমিত শাহ তাদের উদ্বেগের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং ইতিবাচক সাড়া দিয়েছেন—এতে সন্তুষ্ট অভিনেতাও। তিনি আশা করছেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং এ ধরনের অপব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে।
ইনস্টাগ্রাম পোস্টে রাম চরণ লেখেন, ‘আজ আমার বাবা চিরঞ্জীবীর সঙ্গে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি। এআই ও ডিপফেক প্রযুক্তির ক্রমবর্ধমান অপব্যবহার এবং শিল্পী ও বিনোদনজগতের ওপর এর গুরুতর প্রভাব নিয়ে আমাদের উদ্বেগগুলো তিনি যেভাবে বুঝেছেন এবং ইতিবাচক সাড়া দিয়েছেন, তাতে আমি উৎসাহিত।’
তিনি আরও লেখেন, ‘সরকার বিষয়টি জরুরিভিত্তিতে পর্যালোচনা করবে এবং এ ধরনের অপব্যবহার বন্ধে আরও কার্যকর সুরক্ষাব্যবস্থা ও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে কাজ করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। আমাদের কথা শোনার জন্য এবং সহযোগিতার আশ্বাস দেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা।’
প্রসঙ্গত, বর্তমানে সিনেমার কাজেও ব্যস্ত সময় পার করছেন রাম চরণ। তাকে সর্বশেষ দেখা গেছে বুচি বাবু সানার পরিচালনায় স্পোর্টস অ্যাকশনধর্মী সিনেমা ‘পেদ্দি’তে। ২০২৬ সালের জুনে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
এবার নির্মাতা সুকুমারের সঙ্গে নতুন একটি প্যান-ইন্ডিয়া সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেতা। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘আরসি ১৭’। গত ১ নভেম্বর হায়দরাবাদে পূজার্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমাটির যাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাম চরণের বাবা চিরঞ্জীবী। সিনেমাটির প্রথম ক্ল্যাপও দেন তিনি।
এর আগে, ২০১৮ সালে নির্মাত সুকুমারের পরিচালনায় ‘রঙ্গস্থলম’ সিনেমায় অভিনয় করেছিলেন এই অভিনেতা। দীর্ঘ আট বছর পর ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।
সূত্র: বলিউড হাঙ্গামা

বিনোদন ডেস্ক