৭ বছর পর জ্যাক স্প্যারো হয়ে ফিরছেন জনি ডেপ?
২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের সর্বশেষ সিনেমা ‘ডেড মেন টেল নো টেলস’। এরপর থেকেই ষষ্ঠ পর্বের অপেক্ষায় দর্শকেরা। এবার জনপ্রিয় জলদস্যু জ্যাক স্প্যারো চরিত্রে ফেরার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। জানিয়েছেন, সিরিজটির একটি সুন্দর সমাপ্তি দিতে আবারও পর্দায় ফিরতে চান তিনি।
নিজের আসন্ন সিনেমা ‘এবেনেজার’-এর প্রচারণায় এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে জনি ডেপ বলেন, ফ্র্যাঞ্চাইজিটির গল্প যথাযথভাবে শেষ করার সুযোগ তৈরি হলে তিনি এতে যুক্ত হতে আগ্রহী।
সিরিজটির প্রযোজক ও দীর্ঘদিনের বন্ধু জেরি ব্রুকহেইমারের প্রতি আস্থার কথাও জানিয়েছেন অভিনেতা। ডেপ বলেন, ‘জেরির যেকোনো কাজে আমি যেকোনো মুহূর্তে যোগ দিতে রাজি। কারণ, তাঁকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে।’
নতুন সিনেমায় ডেপের অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে গত বছর প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছিলেন, ষষ্ঠ পর্ব নিয়ে অভিনেতার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। চিত্রনাট্য পছন্দ হলে ডেপ ফিরতে পারেন বলে আশাবাদী তিনি। সিনেমাটির চিত্রনাট্য লিখছেন জেফ নাথানসন। গল্প, অভিনয়শিল্পী ও মুক্তির তারিখ নিয়ে এখনো বিস্তারিত ঘোষণা আসেনি।
২০০৩ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমায় প্রথম জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেন জনি ডেপ। এরপর ২০১৭ সাল পর্যন্ত সিরিজের পাঁচটি পর্বে দেখা গেছে তাঁকে। সিনেমাগুলো বিশ্বজুড়ে মোট ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এর মধ্যে ‘ডেড ম্যানস চেস্ট’ ও ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ এক বিলিয়ন ডলারের বেশি আয় করে।
সিরিজটির ষষ্ঠ পর্ব নির্মাণের পরিকল্পনা থাকলেও ডেপের সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াইয়ের পর তাঁর হলিউড ক্যারিয়ার বাধার মুখে পড়ে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রে হার্ডের বিরুদ্ধে মানহানির মামলায় ডেপের পক্ষে রায় আসে। এরপর ধীরে ধীরে অভিনয়ে ফিরতে শুরু করেন তিনি।
বর্তমানে ‘এবেনেজার’-এর পাশাপাশি ‘ডে ড্রিংকার’ সিনেমা নিয়েও ব্যস্ত ডেপ। তবে জ্যাক স্প্যারো হিসেবে তাঁর প্রত্যাবর্তন এখনো অনিশ্চিত।

বিনোদন ডেস্ক