বড় পর্দায় জসীম উদ্দীনের কালজয়ী ‘সোজন বাদিয়ার ঘাট’
বাংলা সাহিত্যের অমর সৃষ্টি কবি জসীম উদ্দীনের বিখ্যাত লোকগাথা ‘সোজন বাদিয়ার ঘাট’ এবার উঠে আসছে বড় পর্দায়। সাহিত্যকর্মটি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল। এরই মধ্যে সিনেমাটির ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন নির্মাতা নিজেই।
দুই ঘণ্টা দৈর্ঘ্যের সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন তানভীর মোকাম্মেল। এটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন রাকিবুল হাসান এবং সম্পাদনা করছেন মহাদেব শি। শিল্প নির্দেশনায় আছেন উত্তম গুহ। অন্যদিকে পোশাক পরিকল্পনা ও চরিত্র নির্বাচনের দায়িত্বে রয়েছেন চিত্রলেখা গুহ।
সিনেমাটির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ শাবাব আলী আরজু, সগীর মোস্তফা, সন্দীপ মিস্ত্রি ও অপরাজিতা সংগীতা। এর সহপ্রযোজক হিসেবে রয়েছেন হাসনা জসীমউদ্দীন মওদুদ।
‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমায় সোজন চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস। তার বিপরীতে দুলি চরিত্রে দেখা যাবে রাদিফা নারমিনকে। এ ছাড়া প্রধান দুই চরিত্রের শৈশবের ভূমিকায় অভিনয় করছেন দিহান ও শ্রেয়া বৈদ্য।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, জুবায়ের জাহিদ, আহসানুল হক মিনু, স্বপ্না বৈদ্য, শাহ আলম দুলাল ও রেজাউল করিম রেজাসহ প্রমুখ।

বিনোদন ডেস্ক