নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’ সিরিজ
জনপ্রিয় ভিডিও গেম ‘পাবজি’ এবার আসছে ওয়েব সিরিজ হিসেবে। দক্ষিণ কোরিয়ার গেম নির্মাতা প্রতিষ্ঠান ক্রাফটনের সঙ্গে যৌথভাবে সিরিজটি তৈরি করছে নেটফ্লিক্স। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা, চিত্রনাট্য ও নির্বাহী প্রযোজনার দায়িত্বও সামলাবেন হলিউড তারকা ডোনাল্ড গ্লোভার। তাঁর সঙ্গে চিত্রনাট্য ও প্রযোজনায় যুক্ত হচ্ছেন ভাই স্টিফেন গ্লোভার।
৩০ অক্টোবর ক্রাফটন আনুষ্ঠানিকভাবে এই সিরিজের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘পাবজি’র কাহিনি নিয়ে সরাসরি অভিনয়শিল্পীদের অংশগ্রহণে সিরিজটি নির্মিত হবে। তবে এখনো নির্মাণের প্রাথমিক পর্যায়ে রয়েছে প্রকল্পটি।
ডোনাল্ড গ্লোভার ‘আটলান্টা’ ও ‘কমিউনিটি’ সিরিজের জন্য পরিচিত। ‘আটলান্টা’ সিরিজে অভিনয়, পরিচালনা ও চিত্রনাট্যের জন্য দুটি করে এমি ও গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও পরিচিত ডোনাল্ড। চাইল্ডিশ গ্যাম্বিনো নামে সংগীত প্রকাশ করেন তিনি। তাঁর ভাই স্টিফেন গ্লোভারও টেলিভিশন ও চলচ্চিত্রের চিত্রনাট্যকার। এর আগে দুজন একসঙ্গে ‘আটলান্টা’ ও ‘মি. অ্যান্ড মিসেস স্মিথ’ সিরিজে কাজ করেছেন।
সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে আরও থাকছেন মাইকেল শেফার, ফ্যাম উদেরজি, তেসক জ্যাং ও সুজিন লি। ক্রাফটনের বিনোদন বিভাগ এলভি৩এইচ প্রকল্পটির নির্মাণ ও পরিকল্পনার সঙ্গে যুক্ত রয়েছে।
২০১৭ সালে ‘প্লেয়ারআননোনস ব্যাটলগ্রাউন্ডস’ নামে যাত্রা শুরু করে ‘পাবজি’। পরে সংক্ষেপে ‘পাবজি’ নামেই বিশ্বজুড়ে পরিচিতি পায় গেমটি। এর মূল আকর্ষণ হলো, একটি দ্বীপে একসঙ্গে সর্বোচ্চ ১০০ জন খেলোয়াড় অবতরণ করেন। এরপর অস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে একে অপরের সঙ্গে লড়াই করেন। শেষ পর্যন্ত যিনি বা যে দল টিকে থাকেন, তাঁরাই বিজয়ী হন। এই ধরনের খেলাকে বলা হয় ব্যাটল রয়্যাল।
তবে সিরিজে গেমটির মূল ধারণা কীভাবে গল্পে রূপ পাবে, তা এখনো জানা যায়নি। কারণ, গেমটিতে নির্দিষ্ট কোনো নায়ক বা ধারাবাহিক কাহিনি নেই। ফলে নির্মাতারা নতুন গল্প তৈরি করেন কি না, তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
এদিকে সিরিজটির মুক্তির তারিখ, শুটিং শুরুর সময়, পর্বসংখ্যা কিংবা ডোনাল্ড গ্লোভার ছাড়া অন্য অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। নেটফ্লিক্সের ভিডিও গেমভিত্তিক প্রকল্পের তালিকায় নতুন সংযোজন হতে যাচ্ছে এটি। এর আগে ‘ক্যাসলভানিয়া’, ‘আর্কেন’ ও ‘ডেভিল মে ক্রাই’-এর মতো গেমভিত্তিক সিরিজ তৈরি করেছে প্ল্যাটফর্মটি।

বিনোদন ডেস্ক