ভিকি জাহেদের ‘খলনায়কে’ নিশো-চঞ্চলসহ একাধিক তারকা
বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণে অভিষেক হচ্ছে নির্মাতা ভিকি জাহেদের। তাঁর প্রথম সিনেমার নাম ‘খলনায়ক’। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও হইচই স্টুডিওজের যৌথ প্রযোজনায় নির্মিতব্য সাইকোলজিক্যাল থ্রিলারটিতে অভিনয় করছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জা।
সিনেমাটিতে আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মন্ডল, তুষার খান ও সেন্টু। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে।
সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শুভঙ্কর ভড় এবং শিল্প নির্দেশনায় থাকছেন শিবাজী পাল।
নিজের প্রথম সিনেমা নিয়ে ভিকি জাহেদ বলেন, ‘খলনায়ক’ মানবচরিত্রের জটিলতা ও রহস্যময়তার গল্প। চিত্রনাট্য, অভিনয়শিল্পী নির্বাচন ও নির্মাণশৈলীতে দর্শকেরা ভিন্নতা দেখতে পাবেন।
প্রযোজনা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহেন্দ্র সোনি ও ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, আন্তর্জাতিক পরিসরে বাংলা সিনেমাকে তুলে ধরার লক্ষ্য থেকেই নির্মিত হচ্ছে সিনেমাটি।আফরান নিশো ও চঞ্চল চৌধুরীও জানিয়েছেন, তাঁদের চরিত্র ও গল্পে রয়েছে নতুনত্ব।
সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ, বিস্তারিত তথ্য ও প্রচারণার উপকরণ শিগগিরই প্রকাশ করা হবে।

বিনোদন ডেস্ক