ট্রাম্প বলছেন আলোচনা এগোচ্ছে, ইরানের জবাব ‘ভুয়া খবর’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনা ‘খুব ভালোভাবে এগোচ্ছে’। চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে। তবে ট্রাম্পের এই বক্তব্য প্রকাশের পরপরই তা সরাসরি প্রত্যাখ্যান করে একে ‘ভুয়া খবর’ বলে অভিহিত করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা মহসেন রেজাই।
স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং যুদ্ধ সমাপ্তির সম্ভাবনা নিয়ে মন্তব্য করে জানান, সামরিক দিক থেকে যুদ্ধটি কার্যত শেষ হয়ে এসেছে। প্রতিবেশীদের অনুরোধেই সেখানে পরিস্থিতি ধরে রাখা হয়েছে।
ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরান কখনই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এটি নিয়ে কোনো আপস হবে না। ইরান অত্যন্ত ভদ্রভাবে আলোচনা করছে। মার্কিন বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। প্রয়োজনে মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরি মোতায়েন করা হবে।
এদিকে ট্রাম্পের এই বক্তব্যের কড়া জবাব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই। তিনি লেখেন, কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করা উচিত। মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতাকে অস্বীকার না করে ওয়াশিংটনের উচিত ইরানের নির্ধারিত সাতটি শর্তের কাছে আত্মসমর্পণ করা।
রেজাইয়ের এই মন্তব্যের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান দ্বিমুখী অবস্থান এবং শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের প্রশ্ন সামনে এসেছে।

এনটিভি অনলাইন ডেস্ক