ট্রম্পের ‘পরাজয়ের ধাক্কা’ : ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপে নজর ইরানের
সদ্য সমাপ্ত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকানদের অপ্রত্যাশিত পরাজয় ও বড় ধরনের ‘ধাক্কা’র পর এবার ওয়াশিংটনের পরবর্তী অবস্থানের দিকে নজর রাখছে ইরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ এ নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে স্বয়ং মার্কিন নেতৃত্ব স্বীকার করার পর, ফের আলোচনার টেবিলে ফেরার সংকেত দিয়েছে তেহরান। তবে কোনো প্রকার আপস নয়, বরং নিজেদের শর্ত মেনেই শান্তির পথে হাঁটতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর আল জাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি লেখেন, যুক্তরাষ্ট্রের ভোটাররা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, এখন হোয়াইট হাউসের সিদ্ধান্ত নেওয়ার পালা। আমাদের দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে। সব ফ্রন্টে যুদ্ধ বন্ধসহ আমাদের শর্তগুলো পূরণ করুন, তাহলেই ফলাফল দেখতে পাবেন। আর যদি যুদ্ধকেই বেছে নেন, তবে আমাদের সতর্ক ও অভিজ্ঞ যোদ্ধাদের ভয়াবহ আক্রমণের মুখোমুখি হতে প্রস্তুত থাকুন।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে বড় ভূমিকা রেখেছে।

এনটিভি অনলাইন ডেস্ক