ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে‘ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ শাসনকাল নিয়ে একটি প্রশংসামূলক পোস্ট দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি সামনে আসা মার্কিন সরকারি নথিতে জানা গেছে, এই পোস্টটি মূলত একটি মার্কিন লবিং ফার্মের মাধ্যমে সাজানো হয়েছিল।
ভারতের সংবাদমাধ্যম ‘দ্য ওয়ার’ মার্কিন নথির বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটনে ভারতের পক্ষে কূটনৈতিক প্রচার ও যোগাযোগ বাড়াতে মার্কিন লবিং ফার্ম ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ কে যুক্ত করা হয়েছিল। চুক্তি অনুযায়ী এই ফার্মটিকে প্রতি মাসে ৭৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা) ফি বা রিটেইনার দেওয়া হতো। যুক্তরাষ্ট্রের ‘ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট’ বা বিদেশি প্রতিনিধি নিবন্ধন আইনের আওতায় দাখিল করা সাম্প্রতিক সরকারি নথিতেই এই আর্থিক লেনদেন ও কার্যক্রমের বিস্তারিত বিবরণ উঠে এসেছে।
চুক্তিভুক্ত এই লবিং ফার্মটির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল ও ঘনিষ্ঠ বৃত্তের সদস্য হিসেবে পরিচিত। যেমন প্রতিষ্ঠানটির অন্যতম জ্যেষ্ঠ অংশীদার ব্রায়ান লাঞ্জা ২০১৬ সালে ট্রাম্পের রাজনৈতিক ট্রানজিশন দলের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন। নথির তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি-নির্ধারক সংস্থা, প্রতিনিধি পরিষদ, সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী থিংক ট্যাংকগুলোর কাছে ভারতের ভাবমূর্তি জোরদার করাই ছিল তাদের মূল কাজ। সেই ধারাবাহিকতায় গত বছরের জুনে ট্রাম্পের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করে বার্তাটি সাজিয়ে চূড়ান্ত করা হয়।
নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর এই লবিং ফার্মটির ভূমিকা আরও বিস্তৃত হয়। তারা ট্রাম্পের নতুন প্রশাসনের একাধিক প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে ভারত সরকারের উচ্চপর্যায়ের যোগাযোগ তৈরি করে দেয়। এর মধ্যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি উপদেষ্টা ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউংয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক ও আলোচনা সুগম করার কাজ পরিচালনা করে এই প্রতিষ্ঠানটি।
মার্কিন আইন অনুযায়ী, কোনো বিদেশি রাষ্ট্রের পক্ষে কূটনৈতিক প্রভাব ও সুসম্পর্ক বজায় রাখতে লবিং ফার্ম নিয়োগ দেওয়া একটি বৈধ প্রক্রিয়া। তবে মার্কিন প্রেসিডেন্টের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদির অনুকূলে সরাসরি বার্তা ও প্রশংসা পেতে প্রতি মাসে এমন বিপুল পরিমাণ অর্থ খরচের তথ্য প্রকাশ্যে আসায় তা বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক