স্পিকারকে শপথ ও সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বেলা ১১টায় শুরু হবে। এ দিনই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। তাদেরকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে কাল। সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনে সভাপতি কে হবেন, সেটি উপস্থাপন করবেন। সংসদ অধিবেশন বসার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্খাসহ জুলাই সনদে যা কিছু সম্মত হয়েছি, সেটি ধারণ করবো। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক