গাজীপুরে ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ৩
গাজীপুরের শ্রীপুরে ট্রান্সফর্মার বিস্ফোরণে অগ্নিকাণ্ড হয়েছে। এতে দগ্ধ হয়েছেন তিনজন।
গতকাল বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আশপাশের শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শতশত মানুষ ছোটাছুটি করে যাওয়ার সময় পড়ে গিয়ে আরও বেশ কয়েকজন আহত হন।
দগ্ধরা হলেন–রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকে) পাঠানো হয়েছে।
স্থানীয়রা বলেন, হঠাৎ বিকট শব্দে ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই পাশের সাহিদ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের ফুলকি ছিটকে কয়েকজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় আশপাশের মার্কেটের শতশত মানুষ আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করে। অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান ফেলে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। অনেকেই পড়ে গিয়ে আহত হন।
আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসেন বলেন, অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ফুলকি ছিটকে গিয়ে বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। শতশত মানুষ ছোটাছুটি করে বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল৷ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পাশের তিনতলা ভবনে ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানপাটের মালামাল পুড়ে গেছে।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)