নেত্রকোনায় বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের
নেত্রকোনার দুর্গাপুরে বজ্রাঘাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন। চণ্ডীগড় ইউনিয়নের ইউপি সদস্য খোকন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আকাশ মিয়া। ওই সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে ধানক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে আনার আগেই আকাশ মিয়ার মৃত্যু হয়েছে। বজ্রাঘাতেই তার প্রাণহানি ঘটে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ভজন দাস, নেত্রকোনা