কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ-খুঁটি উপড়ে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পাশাপাশি অন্তত তিনটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী স্থায়ী এই ঝড়ে ক্ষয়ক্ষতির ঘটনাগুলো ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তীব্র ঝড় ও বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে। এতে খুঁটি ভেঙে যাওয়ার পাশাপাশি তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। বিশেষ করে শমশেরনগর বাজারের সবুজবাগ আবাসিক এলাকায় তিনটি ট্রান্সফরমার ভেঙে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া উপজেলার আরও বেশ কিছু এলাকায় ট্রান্সফরমার ও লাইনের ক্ষতির খবর পাওয়া গেছে।
তীব্র ঝড়ের ফলে দুপুর থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার অধিকাংশ এলাকা অন্ধকারে ছিল। তবে ঝড় থামার পরপরই পল্লী বিদ্যুতের কর্মীরা মাঠে নেমে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শুরু করেন। মেরামত শেষে কিছু এলাকায় বিদ্যুৎ ফিরলেও সংবাদটি লেখা পর্যন্ত কমলগঞ্জের বটতলা, লংগুরপারসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রঞ্জন কুমার ঘোষ জানান, কালবৈশাখী ঝড়ে গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় সিস্টেমের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কিছু ট্রান্সফরমার অকেজো হয়ে পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)