১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী ১৬ মার্চ থেকে দেশব্যাপী ব্যাপক পরিসরে ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। দেশের কৃষি ব্যবস্থার উন্নয়ন, সেচ সুবিধা সম্প্রসারণ ও জলাবদ্ধতা নিরসনে সরকারের নেওয়া বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মসূচি শুরু হচ্ছে।
এর আগে পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে এক পত্রের মাধ্যমে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করবেন।
একইসঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যগণ সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।
পানিসম্পদ মন্ত্রণালয় জানায়, এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে; কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে। একইসঙ্গে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা হ্রাস পাবে; যার ফলে খরা, বন্যা ও জলাবদ্ধতা হ্রাসে সহায়ক হবে।

নিজস্ব প্রতিবেদক