কালিয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলায় পুরোদমে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ যত ঘনিয়ে আসছে, উপজেলার বিপণিবিতান ও বাজারগুলোতে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পছন্দের পোশাক ও অনুষঙ্গ কিনতে ব্যস্ত সময় পার করছেন সব বয়সী মানুষ।
সরেজমিনে কালিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, ফ্যাশন হাউস ও দোকানগুলোতে রঙিন পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে তৈরি পোশাক, জুতা ও কসমেটিকসের দোকানে ক্রেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি। এবারের ঈদে নারী ক্রেতাদের প্রধান আকর্ষণ ফারসি ড্রেস, গাউন, ফ্রক এবং লেহেঙ্গা। পাশাপাশি পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি, টি-শার্ট ও ফতুয়ার ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে।
ক্রেতা আমেনা বেগম জানান, এবার বাজারে পারসি ড্রেসের বেশ চল দেখা যাচ্ছে। ছেলের জন্য পোশাক কিনতে এসে নিজের জন্যও একটি পারসি ড্রেস পছন্দ করেছি। তবে শিশুদের পোশাকের দাম গতবারের চেয়ে একটু বেশি মনে হচ্ছে।
কালিয়া বাজারের আশা গার্মেন্টসের স্বত্বাধিকারী আশরাফুল আলম আশা বলেন, নতুন কালেকশন হিসেবে পারসি, সারারা ও কানচি ড্রেসের চাহিদা তুঙ্গে। ক্রেতারা রুচিশীল এসব পোশাক পছন্দ করে কিনছেন।
জাহানারা স্টার গার্মেন্টসের মালিক এম. এম. ডব্লিউ জানান, পাকিস্তানি ড্রেসের চাহিদাও বেশ ভালো, তবে ক্রয়মূল্য বেশি হওয়ায় তারা সীমিত লাভে পণ্য বিক্রি করছেন।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন, সেজন্য বাজার পরিস্থিতি নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর অভিযোগ পাওয়া যায়নি।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, মার্কেটগুলোতে সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ছিনতাই বা চুরির ঘটনা রোধে এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ টিম কাজ করে যাচ্ছে।

খাইরুল চৌধুরী, নড়াইল (কালিয়া)