ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ
অনলাইনে বিমানের টিকেট বিক্রির নামে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনপ্রিয় অনলাইন ট্রাভেল এজেন্সি ‘ফ্লাইট এক্সপার্ট’-এর নামে থাকা ২০টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এর আগে সিআইডির উপ-পুলিশ পরিদর্শক মো. জহির রায়হান হিসাবগুলো ফ্রিজ করার আবেদন জানান।
আদালতে জমা দেওয়া সিআইডির আবেদনে উল্লেখ করা হয়, এফইবিডি লিমিটেড (ফ্লাইট এক্সপার্ট) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনের মাধ্যমে বিমানের টিকেট বুকিংয়ের নাম করে অগ্রিম অর্থ গ্রহণ করত। কিন্তু অনেক ক্ষেত্রে গ্রাহকদের টিকেট প্রদান না করে সেই অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। গত বছরের ২ আগস্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সালমান বিন রশিদ শাহ সায়েম তার অফিস বন্ধ করে দিয়ে কৌশলে কানাডা পালিয়ে যান।
সিআইডি জানিয়েছে, হিসাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে বিভিন্ন গ্রাহক ও সাব-এজেন্সি বিভিন্ন সময়ে বড় অংকের টাকা এসব হিসাবে জমা দিয়েছেন। বর্তমানে এই ২০টি ব্যাংক হিসাবে ৪ কোটি ১০ লাখ ৯৪৬ টাকা স্থিতি রয়েছে।
আদালতে সিআইডি যুক্তি দেখায় যে, প্রতারণা যেহেতু মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতাভুক্ত একটি অপরাধ, তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এই অর্থ জব্দ করা প্রয়োজন। অন্যথায় হিসাবের টাকা অন্যত্র স্থানান্তর বা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। আদালত সার্বিক দিক বিবেচনা করে সিআইডির আবেদন মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

আদালত প্রতিবেদক