দুর্গাপুরে সওজের জায়গায় ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
নেত্রকোনার দুর্গাপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। পৌর শহরের উৎরাইল এলাকায় উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে আজ সোমবার (১৬ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এবং থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের উৎরাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা সওজের জায়গা দখল করে ছিল।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, সওজ বিভাগের জায়গায় দীর্ঘদিন ধরে নির্মিত ৩৫টি দোকান আজ উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গায় থাকা এসব অবৈধ স্থাপনা অপসারণে অভিযান অব্যাহত থাকবে।
জেলা সওজের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র বলেন, এলাকার সচেতন মহলসহ সাধারণ মানুষের দাবি ছিল তাই আমরা উদ্যোগ নিয়েছি। সওজের জায়গাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। এ ধরনের অভিযান সারা জেলায় ভবিষ্যতেও চলমান থাকবে।

ভজন দাস, নেত্রকোনা