আকস্মিক মেঘনা পেট্রোলিয়াম ডিপো পরিদর্শনে জ্বালানি প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এসও রোডে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম ডিপো আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের এসও রোড এলাকায় ডিপোতে পৌঁছান। এসময় প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জ্বালানি তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে প্রতিমন্ত্রী সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতা আছে কি না, তা জানতে চান। পাশাপাশি তিনি জ্বালানি তেলের অবৈধ লেনদেন বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন।
প্রতিমন্ত্রী বলেন, চোরাইভাবে জ্বালানি তেল সরবরাহ, ক্রয়-বিক্রয় কিংবা মজুদের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডিপো পরিদর্শন শেষে তিনি সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে রওনা দেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রতিমন্ত্রী হঠাৎ মেঘনা ডিপো পরিদর্শনে আসেন। এ সময় তিনি জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন।

বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ