উত্তরে যাত্রীদের চাপ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি
উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় আজ বুধবার (১৮ মার্চ) অধিকাংশ শিল্প কারখানা ছুটি ঘোষণা করায় বেলা ১২টার পর সড়কে মানুষের ঢল নেমেছে। বিকেলে যাত্রী ও গণপরিবহণের চাপ বাড়বে আরো কয়েকগুণ। অপরদিকে যানজট না থাকলেও অত্যন্ত ধীরগতিতে চলছে যানবাহন।
যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার বিভিন্ন পয়েন্টে হাইওয়ে ও ট্রাফিক পুলিশসহ ৬ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এবারও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। বাড়তি বাড়ার হাত থেকে বাঁচতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক পিকআপে চড়ে গন্তব্যে যেতে দেখা যাচ্ছে উত্তরের যাত্রীদের।
সরেজমিনে দেখা যায়, বুধবার সকাল থেকেই যাত্রীদের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। তবে দুপুরের পর থেকে থেকে যাত্রীদের ঢল নেমেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ব্যাগ, বস্তা নিয়ে রওনা হয়েছেন তারা৷
কারখানা ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে ছোটবড় প্রায় সাড়ে ৩ হাজার শিল্পকারখানা রয়েছে৷ এসকল কারখানাগুলো ছুটি দেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে৷
রিপন দেওয়ান নামের এক যাত্রী জানান, আজ ১২টা পর্যন্ত ডিউটি করিয়ে কারখানা ছুটি দিয়েছে। ব্যাগ গুছিয়ে অফিসে নিয়ে গেছিলাম, ছুটি হওয়ার পরেই রওনা হয়েছি। জিরানী বাজার থেকে চন্দ্রা আসতে দেড় ঘণ্টা সময় লেগেছে। চন্দ্রা এসে দেখি সব কাউন্টার বন্ধ। তাই বাধ্য হয়েই পরিবার ও ব্যাগ মাথায় নিয়ে হেঁটে চলছি। বাসে ওঠার সুযোগ পেলে উঠবো নয়তো বা ট্রাকে চড়েই রংপুর যাব।
গ্রামের বাড়ি পঞ্চগড়ের উদ্দেশ্য রওনা হয়েছেন ময়না খাতুন। তার সঙ্গে কথা হয় চন্দ্রা খারাজোড়া এলাকায়। তিনি বলেন, অনেকদিন পর ছুটি পেয়েছি, পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। আজ ভাড়া কিছুটা বেশি নিলেও যানজট না থাকায় স্বস্তি পাচ্ছি।
বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে গণপরিবহণ সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, তেল সঙ্কটের কারণে অনেক পরিবহণ চলাচল বিঘ্নিত হওয়ায় যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
তবে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ তারা।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, দুপুর থেকে যাত্রীদের চাপ বেড়েছে। যানজটের কোনো আশঙ্কা নেই। তবে গাড়ির চাপ বাড়ায় গতি কিছুটা কম। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশের সদস্যরা কর্মরত রয়েছেন। বাড়তি ভাড়া আদায়ের কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বি এম সাঈদ, গাজীপুর (কালিয়াকৈর)