ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনে ধীরগতি, টাঙ্গাইলের পথে স্বস্তি
পবিত্র ঈদুল ফিতরের একদম শেষ মুহূর্তে ঘরমুখী মানুষের ভিড় থাকলেও গাজীপুরের মহাসড়কগুলোতে মিশ্র চিত্র দেখা গেছে। আজ শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কিছু পয়েন্টে যানবাহনের ধীরগতি থাকলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল করছে একেবারে স্বাভাবিক গতিতে।
সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় গিয়ে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ঈদযাত্রার শেষ দিনে যাত্রীদের ঢল বা অতিরিক্ত গাড়ির চাপের চেয়েও অব্যবস্থাপনার কারণে এখানে জটলা সৃষ্টি হয়েছে। নির্দিষ্ট বাস স্টপেজ ছাড়া যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করানো এবং উল্টো পথে অটোরিকশা চলাচলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এছাড়া সড়কের পাশে এলোমেলোভাবে গাড়ি পার্কিং করায় চলাচলের লেন সঙ্কুচিত হয়ে পড়েছে। ট্রাফিক পুলিশের সংখ্যাও ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে চান্দনা চৌরাস্তা পার হওয়ার পর মহাসড়কের বাকি অংশে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে।
অন্যদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। গতকাল দুপুরের পর থেকেই কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় ও আশেপাশের এলাকার চিরচেনা যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। আজ শুক্রবার সকাল থেকে এই রুট দিয়ে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যানবাহন চলছে। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ অনেকটা স্বস্তিতেই গন্তব্যে পৌঁছাতে পারছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, শেষ মুহূর্তের যাত্রা নির্বিঘ্ন করতে তারা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে চান্দনা চৌরাস্তার জটলা কমিয়ে আনতে বাড়তি তৎপরতা চালানো হচ্ছে।

নাসির আহমেদ, গাজীপুর