পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে দক্ষিণের ২১ জেলার মানুষ
দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত পদ্মা সেতু দিয়ে কোনো প্রকার ভোগান্তি ও বিড়ম্বনা ছাড়াই ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন ২১ জেলার মানুষ। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজায় স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও কর্তৃপক্ষের দক্ষ ব্যবস্থাপনায় দ্রুত সময়ের মধ্যে টোল প্রদান করে গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহণের পাশাপাশি ব্যক্তিগত ছোট যানবাহনের ব্যাপক উপস্থিতি রয়েছে। বিশেষ করে মোটরসাইকেলের আধিক্য চোখে পড়ার মতো। গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৪১ হাজার ৮শ ৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২শ ৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। টোলপ্লাজায় অতিরিক্ত বুথ চালু রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নজরদারির ফলে যানজট মুক্ত পরিবেশে যানবাহনগুলো পদ্মা সেতু পার হতে পারছে।
পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টোলপ্লাজায় অতিরিক্ত বুথ চালু রাখা হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে। ফলে যানবাহনগুলো কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পদ্মা সেতু পার হতে পারছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ