শহীদ মিনারে রাকিবুল হত্যা, একজন রিমান্ডে
কেন্দ্রীয় শহীদ মিনারে কলেজ শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিবকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সালাউদ্দিন ওরফে সাগরের চার দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বৃহস্পতিবার (১৯ মার্চ) এই আদেশ দেন। আজ শুক্রবার (২০ মার্চ) ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জিন্নাত আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু সরকার আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, গত বুধবার (১৮ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী সদরের একটি ভাড়া বাসা থেকে পিস্তল ও গুলিসহ সালাউদ্দিন সাগরকে গ্রেপ্তার করে পুলিশ।
এজাহার থেকে জানা গেছে, গত রোববার রাতে শহীদ মিনারে হত্যা করা হয় ২৫ বছর বয়সী শেখ বোরহানুদ্দীন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম রাকিবকে। এ ঘটনায় তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তরিকুল ইসলাম খোকন গত সোমবার মামলা দায়ের করেন।

আদালত প্রতিবেদক