কমলগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালেন এমপি মুজিব
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর (হাজী মুজিব) ব্যক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ ও ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০ মার্চ) সকালে কমলগঞ্জ উপজেলার খুশালপুর গ্রামে এমপির নিজ বাসভবনে এই আনন্দঘন আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়। তবে আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল শিশুদের অংশগ্রহণে ‘মেহেদী উৎসব’। এমপির পরিবারের নারী সদস্যরা অত্যন্ত স্নেহভরে শিশুদের হাতে নিজ হাতে মেহেদী পরিয়ে দেন, যা শিশুদের ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়।
পোশাক বিতরণ শেষে এই আয়োজনটি এক সুধী সমাবেশে রূপ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এছাড়াও সংহতি জানাতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।
ব্যতিক্রমী এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
সংসদ সদস্য হাজী মুজিব বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ যেন আনন্দময় হয়, তাদের মুখে যেন এক চিলতে হাসি ফোটে- সেটিই ছিল আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। এই মেহেদী উৎসব ও নতুন পোশাক তাদের মনে ঈদের প্রকৃত আমেজ তৈরি করেছে। আগামীতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড আমরা অব্যাহত রাখব।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)