কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাস-ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় পাওয়া গেছে। আজ রোববার (২২ মার্চ) ভোরে উপজেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় মামুন পরিবহণের একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।
নিহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সালামত উল্লাহর ছেলে মো. বাবুল চৌধুরী (৫৩), সুধারাম থানার মো. সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৩৩), চাঁদপুরের কচুয়া উপজেলার মোমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৮), লক্ষ্মীপুর সদর উপজেলার মো. সিরাজুল দৌলার মেয়ে সায়েদা (৯), ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিন্টুর মেয়ে লাইজু আক্তার (২৬), একই এলাকার খাদিজা আক্তার (৬) ও মরিয়ম আক্তার (৪), কুমিল্লা সদর উপজেলার মো. মোকতার বিশ্বাসের ছেলে মো. জোয়াদ বিশ্বাস (২০), মাগুরার মোহাম্মদপুর উপজেলার ওহাব শেখের ছেলে ফসিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (৪৬), যশোরের চৌগাছা উপজেলার ফকির চাঁদ বিশ্বাসের ছেলে মো. সিরাজুল ইসলাম (৬২) ও তার স্ত্রী কোহিনুর বেগম (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেভেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনটি বাসটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুইজন শিশু রয়েছেন বলে আগে জানা গেলেও পরে চূড়ান্ত হিসাবে তিন শিশুসহ ১২ জনের পরিচয় নিশ্চিত করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পূর্বাঞ্চল রেলওয়ের ডিজিএম সুবক্ত গীন জানান, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা-চট্টগ্রাম রেলপথের সংশ্লিষ্ট লেভেল ক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে শনিবার (২১ মার্চ) দিনগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ারবাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহণের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আহত হন অন্তত ২০ জন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা