ভূরুঙ্গামারীতে নবীন-প্রবীণের মিলনমেলা
‘পুরনো স্মৃতি, হারানো দিন, বন্ধুত্ব থাকুক চিরদিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার ৭৫ বছর পূর্তি ও প্লাটিনাম জুবিলি উদযাপন করা হয়েছে। গতকাল রোববার (২২ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদ্রাসা প্রাঙ্গণ নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়।
প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও দাতা সদস্যদের সংবর্ধনা এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৭৫ বছরের পথচলায় মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা যারা বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত, তারাও এই উৎসবে শামিল হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, উদযাপন কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল, বিএডিসির সাবেক প্রধান প্রকৌশলী ইয়াছিন আলী ও ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামান মনির।
মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসাইন জানান, এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ৭৫ বছর ধরে সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। বর্তমানে এখানে প্রায় ৮০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন নবীন শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে আসা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা জানান, এমন আয়োজনের ফলে প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের উদ্দীপনার মধ্যে একটি চমৎকার সেতুবন্ধন তৈরি হয়েছে, যা মাদ্রাসার ভবিষ্যতে অগ্রণী ভূমিকা রাখবে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)