গাজীপুরে চলন্ত বাসের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২
গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত বাসকে পেছন থেকে পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আলমগীর হোসেন (৩০) ও খোরশেদ মিয়ার ছেলে হানিফ আলী (৪৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি চলন্ত বাসের পেছনে দ্রুতগতির একটি পশুবাহী পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খাঁন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

নাসির আহমেদ, গাজীপুর