বাবা জিয়াউর রহমানের মতোই প্রধানমন্ত্রী জাতিকে এগিয়ে নিচ্ছেন : ভূমিমন্ত্রী
বাবা জিয়াউর রহমানের মতোই প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এ মন্তব্য করেন ভূমিমন্ত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, আপনারা দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে কীভাবে তার বাবা জিয়াউর রহমানের মতোই একটা পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সহজ-সরলতা, সততা-নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিচ্ছেন সবার সঙ্গে বন্ধুত্ব করে, কাউকে প্রভু স্বীকার করে করে নয়।
মিজানুর রহমান মিনু বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে দেশে শিক্ষার অগ্রগতি সাধিত হয়েছে। একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন সেই দেশের বেশিরভাগ মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়। বর্তমান সরকারও আগের বিএনপি সরকারের শিক্ষা খাতে উন্নয়ন অব্যাহত রাখবে।
এর আগে বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভযাত্রায় যোগ দেন মিজানুর রহমান মিনু। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফ, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়াসহ অন্যান্যরা।

জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)