তেলের পাম্পে দীর্ঘ লাইন, নিয়ম না মানায় ৪ মামলাসহ জরিমানা
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন কঠোর নিয়ম চালু করেছে। এখন থেকে পাম্পে তেল নিতে হলে চালকের হেলমেট, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই শহরের বিভিন্ন পাম্পে পুলিশ ও ট্রাফিক সদস্যদের উপস্থিতিতে এই নিয়ম কার্যকর করা হয়। নিয়ম অমান্য করায় বিভিন্ন পাম্পে অভিযান চালিয়ে ৪টি মামলা এবং ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সকালে চুয়াডাঙ্গা ও মোজাম্মেল হক ফিলিং স্টেশনে তেল দেওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যেই মজুত ফুরিয়ে যায়। আলমডাঙ্গার পাম্পগুলো সারা দিন বন্ধ থাকার পর সন্ধ্যায় খুললে সেখানে উপচে পড়া ভিড় দেখা দেয়। পাম্প মালিকরা জানিয়েছেন, তেলের সরবরাহ কম থাকায় এবং চাহিদা অনেক বেশি হওয়ায় তেল আসার ২ থেকে ৪ ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে।
আলমডাঙ্গা থেকে তেল নিতে আসা পারভেজ জানান, দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তিনি মাত্র ৫০০ টাকার তেল পেয়েছেন।
শোভন নামে এক বিক্রয় প্রতিনিধি বলেন, ঈদের ছুটি শেষে কাজে যোগ দিয়েছি, কিন্তু তেল না পাওয়ায় কর্মক্ষেত্রে যেতে পারছি না।
ডিঙ্গেদহ এলাকার এক কৃষক জানান, তার তিন বিঘা জমিতে সেচ দেওয়ার জন্য ৫ লিটার তেলের প্রয়োজন হলেও পাম্প থেকে পেয়েছেন মাত্র ২ লিটার।
আলোকদিয়ার কৃষক রবিউল জানান, গত দুই দিন তেলের অভাবে তিনি জমিতে পানি দিতে পারেননি।
চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) আমিরুল ইসলাম বলেন, শৃঙ্খলা রক্ষায় প্রতিটি পাম্পে পুলিশ ও ট্রাফিক দল কাজ করছে। অনিয়ম পাওয়ায় কিছু ক্ষেত্রে জরিমানাও করা হয়েছে।

মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)